Monday, 23 March 2015




               হৃদয়ের ফুল

ভোরের আলো উঠলো ফুটে, ফুটলো কত ফুল,
কদম্ব কেতকী, মালতী যুঁথী, ফুটেছে গোলাপ বকুল
শিউলি টগর, সাদা বক ফুল, ফুটেছে নয়নতারা,
কলকে ও গাঁদা, কাশফুল সাদা, নয়ন মনোহরা
ফুটেছে কুঁড়ি, মেলেছে পাপড়ি, ফুটেছে অপরাজিতা,
শত সূর্যমুখী, রক্ত করবী, ফুটেছে মাধবী মালতী হেথা
দিঘির জলে পদ্মশালুক, মাঠে মাঠে পলাশ ধুতুরা,
ফুলের গন্ধে মেতেছে পবন, শোভায় ভুবন ভরা
হৃদয়ে আমার ফুলের বাহার, ফুটেছে হৃদয় কমল,
কবিতার পাতায় ফুটেছে হেথায়, ভালবাসার শতদল
হৃদয় বীনায় মনের তারে, বেজে ওঠে যে সুর,
সেই সুরে মোর কণ্ঠের গান, হয়ে ওঠে সুমধুর
উদার আকাশে মুক্ত বাতাসে, আজও সেই সুর বাজে

হৃদয়ের ফুল ফুটুক এবার, সবার হৃদয় মাঝে


           সোনালী সকালে

নিশুতি রাত নির্জন,
বাতাসে জাগে শিহরণ
মায়াবী রাত মরে মাথা কুটে।

চাঁদ নেই আকাশে,
জোছনা মরে গেছে,
কোটি তারা আকাশে ওঠে ফুটে।

ঘুমন্ত এই পৃথিবীতে,
খুশীতে ওঠে মেতে,
একটি হৃদয় আর অন্যটি মন।

ভালবাসার ছোঁয়া পেয়ে,
মিলেমিশে এক হয়ে,
দৃঢ় হয় প্রেমের অটুট বন্ধন।

ভালবাসার চাবিকাঠি,
সুন্দর ও পরিপাটি,
হৃদয় আর মনের দুয়ার খোলে।

ভালবাসা বলে কথা,
সহি শত নীরব ব্যথা,
কাঁদে আর ভাসে আঁখিজলে।

রাত কাটে ভোর হয়,
ভালবাসা অভিনয়,
পূর্ণিমার রাত অন্ধকার কারা।

কাটে আঁধার রাতি,
জ্বলে দিবসের বাতি,

সোনালী সকালে সোনা রোদ ঝরা।

বৃষ্টি ঝরা শীতের সকাল

শীত এসেছে হিমেল হাওয়ায়,
কাঁপছে সারা শরীর,
পূবের কোণে মেঘ জমেছে,
বৃষ্টি পড়ে ঝির ঝির

আকাশ জুড়ে মেঘের খেলা,
মেঘে মেঘে কাটে বেলা,

হিমেল হাওয়া বইছে জোরে,
সারা আকাশটা গম্ভীর
শীত এসেছে হিমেল হাওয়ায়,
কাঁপছে সারা শরীর

আকাশপারে পূবের কোণে,
ভোরের সূর্য ভাবছে মনে,

ভোরের পাখিরা উড়ে গেছে দূরে,
আজি শূণ্য রয়েছে নীড়
শীত এসেছে হিমেল হাওয়ায়,
কাঁপছে সারা শরীর

কূল ভাঙা ঢেউ আজি
নাইকো নদীর কিনারে,
সাদা বক নেই আজি
তরী আছে ওপারে

কুয়াশায় ঢেকেছে সারা আকাশ,
নদীর দুই তীর,
শীত এসেছে হিমেল হাওয়ায়,
কাঁপছে সারা শরীর

নতুন সকাল

রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়

Thursday, 5 March 2015












হোলি এসেছে

এলো আজি ফাল্গুন,
মন করে গুন গুন,
যৌবনে রং লেগেছে
হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে
ফুলের বনে মৌমাছি,
বেড়ায় উড়ে নাচি নাচি,
দোয়েল কোয়েল একসাথে
সুর তুলেছে, ও ভাই-
সুর তুলেছে
হোলি এসেছে ও ভাই
হোলি এসেছে
খেলবো হোলি রং লাগাবো
সবার গায়ে আবির দেবো,
খুশিতে সবার মন মেতে উঠেছে
ও ভাই মেতে উঠেছে
হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে
আজকে এলো হোলির দিন
মনে জাগে স্বপ্ন যে রঙিন,
খেলবো হোলি, রং লাগাবো,
মনে পুলক জেগেছে
হোলি এসেছে ভাই-
হোলি এসেছে