Monday, 20 October 2014

দেবী আগমনী

দেবী আসিছে তাই বাতাসে শিহরণ
দেবী আসিছে তাই শীতল সমীরণ।
দেবী আসিছে তাই দিগন্তে পূর্বাভাস
দেবী আসিছে তাই মেঘমুক্ত আকাশ।

আসিছে কালরাত্রি নামিছে অন্ধকার
চতুর্দিকে জ্বলিছে দীপমালার সার।
জয়গানে মুখরিত আকাশ বাতাস
বাধার কারা প্রাচীর করে হাহুতাশ।

জোছনা মরে গেছে আকাশে চাঁদ ওঠে
প্রিয় হারিয়ে গেছে গোলাপ ফুল ফোটে।
দেবীর জয়গানে বাজিছে জয়ঢাক,
বাজে কাঁসর ঘণ্টা, বন্ধন খুলে যাক।

এসো মাগো এসো দেবী এ বিশ্বভুবনে,
প্রণতি জানাই মাগো তোমার চরণে।
     মহাতীর্থ তারাপীঠ

মহাতীর্থ পূণ্যতীর্থ দেবী পীঠস্থান
বীরভূম জেলাস্থিত তারাপীঠ নাম।
উর্দ্ধোগামী পূন্যোতোয়া বহিছে দ্বারকা
সম্মুখে শ্মশান ঘাট নির্জন এলাকা।

সাধক তান্ত্রিক যত কাপালিকগণ
সিদ্ধাসনে বসি জপ করে অগণন।
চিত্ত হয় ভয়শূণ্য আসিয়া শ্মশানে
জয়তারা বলে যদি ডাক ভক্তি মনে।

চতুর্দিক মুখরিত দেবী  জয়গানে।
মায়ের মন্দিরে ভিড় দেবী দরশনে।
ধূপদীপ, ফলমূল, প্রসাদের থালা,
করয়ে প্রদান সবে রক্তজবা মালা।

বামদেব হেথা আসি করিয়া সাধনা।
বামাক্ষ্যাপা নামে খ্যাত করি আরাধনা।








Friday, 10 October 2014


আশায় বাঁধি খেলাঘর

এই পৃথিবীটা এক মহা-শ্মশান
জীবননদীর ঘুর্ণিপাকে হেথা আসে ঝড় তুফান
মিথ্যা আশায় বাঁধি খেলাঘর,
হেথা বারে বারে দেয় হানা সর্বনাশা ঝড়
সাজানো বাগান হেথা যায় শুকিয়ে,
ভালবাসার ফুলগুলো একটি একটি করে ঝরে গিয়ে,
অঝোর ধারায় কাঁদছে, অন্ধকারে মুখ লুকিয়ে
বঞ্চনার কুঁড়িগুলো ক্ষোভে, দুঃখে
আর অভিমানে একটি একটি করে
আধ ফোটা অবস্থায় অবশেষে যায় ঝরে
বাগানে গোলাপের ডালগুলো ভেঙে গিয়ে
চির অভিমান নিয়ে মাথা নোয়ায়
বেদনার বালুচরে বাঁধা সময়ের নৌকা
আনমনে বয়ে চলে একা একা
নিয়তির মিথ্যা আশায় বাঁধা খেলাঘরে
আজও ভালবাসার লুকোচুরি খেলা চলে



Thursday, 9 October 2014

সুরের আকাশে হারানো সুর

নিঝ্ঝুম রাতে
আকাশের চাঁদ
            জোছনা দেয় ছড়িয়ে

লক্ষ তারা হাসে
আকাশের গায়ে
              হৃদয় রাখে ভরিয়ে

সময়ের নদী
হয়ে বেগবতী
             কুলু কুলু বয়ে চলে,

থেমে গেছে হেথা
ব্যস্ত ঘড়ির কাঁটা,
                সময় কথা বলে

সুরের আকাশে হেথায়
হৃদয়ের ছিন্ন বীনায়,
                  হারানো সুর মনে পড়ে

হৃদয় বীনার তারে জোড়া
শিশিরে ভেজা কাগজে মোড়া
                   ভালবাসার পাখনা মেলে ওড়ে

Wednesday, 8 October 2014


কোজাগরী লক্ষ্মীপূজা

ধরাধামে শুক্লপক্ষে শারদ পূর্ণিমা
প্রচারিতে লক্ষ্মী দেবী আপন মহিমা
বিরাজ করেন দেবী প্রতি ঘরে ঘরে,
সাজায় মঙ্গল ঘট দেবী পূজা তরে
শোভিছে পুষ্পিত ঘট, বিল্বপত্র শাখা,
প্রাঙ্গন চৌদিকে শোভে আলপনা আঁকা
এয়োগণ উলু দেন জয়ঢাক বাজে,
শিশুগণ নৃত্য করে আঙিনার মাঝে
জ্বলে দীপ শঙ্খ বাজে, প্রসাদের থালা,
কলাগাছ,পানপাতা, বরণের ডালা
ধূপদীপ মাঙ্গলিক পূজা উপচার,
এসো দেবী, বসো ঘরে ডাকি বারেবার
সর্বশেষে অন্নভোগ প্রসাদ বণ্টন,
লক্ষ্মী পাঁচালির কথা শুন দিয়া মন


Tuesday, 7 October 2014

বিল্ব ষষ্ঠী দেবীর বোধন

মন্দির মাঝে সকাল সাঁঝে,
ঢ্যাং কুড়া কুড় বাদ্যি বাজে,
খুশির দিনে আনন্দময়ী মা এসেছে

শিউলি বকুলের গন্ধে
পূজার খুশির আনন্দে
বিশ্ব ভুবন আনন্দে মেতে উঠেছে

দেবী আসছেন নৌকায় চড়ে
যাবেন মা দূর্গা দোলায় করে,
পূজোয় সবার মনে খুশির ঢেউ

খুশির আনন্দ আজ ঘরে ঘেরে,
ছেলেমেয়েরা নতুন জামা পরে,
আনন্দে আর খুশিতে নাচে  কেউ

নৌকায় চড়ে দেবীর আগমন
আজ বিল্বষষ্ঠী দেবীর বোধন
মন্দিরে বাজে ঢাক কাঁসর ঘণ্টা,

আয় রে সবাই আয়,
আনন্দে নাচি আর গাই
আনন্দে ভরে উঠুক মোদের মনটা



কবিতা কথা বলে

সারা বিশ্বজুড়ে
ছন্দে ও সুরে সুরে
                  ভালবাসার গান শুনি
এখানে নির্জন,
বাতাসে শিহরণ
                 মৌনতার জাল বুনি
রাতের আকাশে
কোটি তারা হাসে,
               চাঁদ আকাশের গায়

সুরের আকাশে
মুর্ছনা বিরাজে
                মধুর গন্ধ ছড়ায়

Monday, 6 October 2014

ব্যর্থ ভালবাসা

তোমার মিথ্যা ভালবাসা
দিয়েছে কত ব্যথা,
                  চোখ ফেটে আসে জল

তোমার ব্যর্থ ভালবাসা
হেনেছে আঘাত কত,
                 দিয়েছে যন্ত্রণা কেবল

জীবনে ভালবাসা যেন
                নদীর চোরা বালির চর,
বেদনার বালুচরে
                    যেন বাঁধা এক খেলাঘর
তোমারে ভালবেসে
চেয়েছিলাম গড়তে
               হৃদয়ে প্রেমের তাজমহল
তোমারে হারিয়ে
বুঝেছি আজ আমি
                  ভালবাসা আমার বিফল
            জীবনের এই ঘাত প্রতিঘাত,
             অবিরত দিয়েছে আঘাত
তোমার মিথ্যা ভালবাসা
দিয়েছে কত ব্যথা,
                   চোখ ফেটে আসে জল

তোমার ব্যর্থ ভালবাসা
হেনেছে আঘাত কত,
                      দিয়েছে দুঃখ অবিরল



মহা নবমী বিজয়াদশমী

মহা নবমীর পূজা খ্যাত চরাচরে
ছাগ মোষ বলিদান মন্দিরে মন্দিরে
পশুরক্তে দেবীপূজা কেমন পূজা?
পশুরক্তে হন তুষ্টা দেবী দশভূজা

বলিহারি দূর্গাপূজা ধন্য মর্ত্তলোক,
হাজারের হিসাবেতে পাঁঠাবলি হোক
শোন শোন বিশ্ববাসী বচন আমার,
বন্ধ হোক পশুবলি ভুবন মাঝার,

এসো এসো সবে মিলি করহ প্রার্থনা,
বলিহীন হবে পূজা বিধি মানব না
নবমী সমাপ্ত হয়ে বিজয়া দশমী,
এক দিনে দুই পূজা কভু নাহি শুনি

মুগ্ধ চিত্তে দেখে সবে পুড়িছে রাবণ,
ঢাক বাজে, কাঁসি বাজে, দেবী বিসর্জন